বসন্ত চলিয়া গেছে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৩য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

বসন্ত চলিয়া গেছে
কবিতা: বসন্ত চলিয়া গেছে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

বসন্ত-চলিয়া গেছে বুঝি
গরমের দিনগুলো আরামের
এখনও পড়িয়া আছে ঢের দিন- ঢের-
আসিবে অনেক দিন পরে ফের শীত
জ্যৈষ্ঠও কেটে গেল; হল না ক’ রাঙা মেঘ থেকে দূর কামরাঙা মেঘ খোঁজাখুঁজি
বাদলের দিনগুলো একা-একা ডুমুরের বুকে মুখ গুঁজি
কোকিলের ছানাটির কাটিল নিভৃত
শরতে মৌরির গন্ধে
কানসোনা ঘাসে
শালিধান- রূপশালি ধানের নিঃশ্বাসে
কাটিল অনেক দিন স্বপ্ন দেখে- কার্তিকের ধানভানা গানে
মিঠা শিশিরের গন্ধে- উঠানে ঢেঁকির ছন্দে
হারানি উড়ানি সব পাড়াগাঁর মেয়েদের রূপে
কী নেশা যে লেগে গেল কোকিলের প্রাণে

তার পর এক দিন
আহা, এক দিন
অঘ্রান ধরিল এসে উপায়বিহীন
কালো ভীরু পাখিটির ডানা
ঝরিছে বটেরও পাতা- শুকাতেছে মাঠে-মাঠে তৃণ
বাতাবি হিজল বনে দেখা গেল কালো ডানা দুই তিন দিন
তার পর আব্দুলের কাছে খোঁজ পাওয়া গেল পাখিটির
কলকাতা: টেরিট্টিবাজার ঠিকানা।