আবার উঠেছে জেগে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

আবার উঠেছে জেগে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১০ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

আবার উঠেছে জেগে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

আবার উঠেছে জেগে

কবিতা: আবার উঠেছে জেগে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

আবার উঠেছে জেগে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

আবার উঠেছে জেগে এইখানে-
এই ক্ষুদ্র নগরের রোদ
যেন ঢের অশরীরী পাখির কূজন আবার বায়ুতে এসে
এক-দুই হাজার বছর পরে আজও
আমাদের অমায়িক মুখাবয়বকে কাছে পেয়ে
ধূসর গল্পের ঘ্রাণে- বিখ্যাত নদীর পারে যেন কোনও

কিংবা কোনও শালিক-ধূসর শান্ত সমুদ্রের তীরে
আমরা সকলে যেন এক-দুই হাজার বছর
এইখানে জেগে গেছি নিঃশব্দ রাত্রির পরে
কাজ ক’রে গেছি- খেলে গেছি
মৃত্যুর ভিতর থেকে উঠে এসে
আবার গিয়েছি ম’রে

যখন প্রভাতে কোনও বিছানা, বালিশ, ঘাস, ঘুমাবার মানুষ ছিল না
ক্ষমার জননী এসে ইশারায় আমাদের শান্ত ক’রে দিয়ে গেছে
বলেছে ঘুমাতে
কাঁটার ভিতরে ঘুম- দুপুরের শীর্ষে- রৌদ্রে
ক্যাকটাস-ফুলের মতন
এই সব বালুকার পরে
প্রাচীন পায়ে দাগ আমাদের
আকাঙ্ক্ষার ঘ্রাণ

সুদীর্ঘ দড়ির ‘পরে লাল, নীল, সাগর-সবুজ, সাদা কাপড়ের রাশি
ঝিকমিক ক’রে ওঠে বৃহৎ মেঘের নিচে- প্রভাতের শিশুদের মতো
বিবর্ণ গাধার ভিড় স্থির হয়ে রয়েছে দাঁড়ায়ে
সকালের অবকাশে পথের ঘাসের পাশে ইচ্ছা টেনে এনে
গানের উপরে রৌদ্র রেখে
চারি-দিকে মানুষের রোলে ক্ষীণ জড়িত আমোদ
মাছিদের কাকলির মতো মনে হয়
অথবা মুর্গির কণ্ঠে বেজে উঠে সুদূর জ্বলন্ত সূর্য অভ্যর্থিত হয়।

 

আবার উঠেছে জেগে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment