দুপুর গড়িয়ে গেল কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর ছায়া আবছায়া কাব্যগ্রন্থের রচিত। যা ২০০৪ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো ছায়া আবছায়া। এই গ্রন্থে মোট ৬১ টি সতন্ত্র কবিতা রয়েছে ।

দুপুর গড়িয়ে গেল
কবিতা: দুপুর গড়িয়ে গেল
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: ছায়া আবছায়া

দুপুর গড়িয়ে গেল- ফাল্গুনের অপরাহ্ন-বেলা
এল ক্রমে- মাঠ বেয়ে বহু দূর গেলাম একেলা;
তার পর, যেখানে মাঠের পাশে নিস্তব্ধ বিজন
মানুষ ঘুমিয়ে আছে কয়েকটি- চারি-দিকে জাম বাঁশ কাঁঠালের বন
সে-শ্মশানে দেখলাম কিছু ক্ষণ রৌদ্রের খেলা।
কোথাও পাখি নেই- প্রাণীও নেই- কোথাও কিছু নেই- নেই;
তেরো শো আঠারো সালে অঘ্রানে- মধ্য-রাতে সেই
তোমাকে এখানে রেখে গেছিলুম,- তুমি
আজও এ-মাটির পটভূমি।
তোমার শাশ্বত ধর্ম এই!
(শাশ্বত মানবী ধর্ম এই!)

জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ – ২২ অক্টোবর, ১৯৫৪) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী। মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷