সন্দিহান কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

সন্দিহান কবিতা
কবিতা: সন্দিহান কবিতা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

তখন আমি বুঝে নিলাম
এই যে আকাশ তারা
নীল ময়ূরের এই যে পেখম
দেবতা- ইহারা
তোমার হাতে পেয়েছে রূপ- পেয়েছে রস- জয়
তবুও তোমার হাত কি, চিলের কঠিন থাবার মতো নয়
নীল সাগরের মতন ক’রে গড়লে তুমি
কীট পাখিদের প্রাণ
সহজ- অবাধ,- প্রশ্ন তারা করে না ক’
(আমি মানুষ)- আমিই সন্দিহান
তোমার হাতে…
তবুও বুকে খটকা জাগে- বেদনা পাই- ক্লান্ত হতে হয়
অশথ তমাল দেবদারু ঝাউ
এদের আদিম স্বর
এক আধ রাতে ঠেকে পড়ে
ব্যথায় পরস্পর
নদীর মাথায় দাঁড়িয়ে থাকে অন্ধকারে শীতে
আস্তাবলের ঘোড়ার মতো ছায়া তাদের নদীর ছবিতে

এই পৃথিবীর আস্তাবলে
আমরা অনেক ঘোড়া
সারাটা রাত ঘোলাটে চোখ
মাখম মাছি ফোড়া
জোনাকিরা বোঝে না তা, নক্ষত্রেরা জানে না ক’ তাহা
কে এঁকেছে এই ঘোড়াদের- এই ঘোড়াদের, আহা!
অনেক ছবি এঁকেছে যে
চাঁদ- নদী- খেত- নীড়
চমরি গাই, প্রজাপতি
তোমার হাতে পেয়েছে রূপ, পেয়েছে রস- জয়
তবুও তোমার হাত কি, চিলের অবোধ থাবার মতো নয়!