অনেক লিখেছি গান কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

অনেক লিখেছি গান
কবিতা: অনেক লিখেছি গান
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

অনেক লিখেছি গান নদীর উপরে আমি; তবুও সে-সব
নদী; তুমি নও কিছু- মানুষের মন থেকে তুমি ঢের দূরে
নিজের মনের থেকে আমিও যেতেছি খ’সে- আমিও নদীর সুরে
বেগুনি মেঘের থেকে মেঘে-মেঘে ছুটে গিয়ে করি উৎসব
চিলের সোনালি ডানা যেখানে নদীর জলে করে ছরছর
সেইখানে মাছরাঙা খেলনার লাটিমের মতো পড়ে ঘুরে
মৌমাছি মধু নিয়ে ঢেউয়ের উপর দিয়ে নরম দুপুরে
উড়ে যায়;- চারিদিকে ছবি- খেলা- সাধ শুধু- রেশমি- নীরব

এই সব আঁকিতেছ, নদী, তুমি- মৃদু তুমি- কোমল- নিবিড়
রং তার- অথবা রক্তাক্ত তাহা- বাষ্প শুধু- আঁধার কুয়াশা-
শবের ওপারে ধান রেখেছে সবুজ ক’রে নদীটির তীর
অথবা নদীর পারে নীল বনে হরিণীর নীড়ে ভালোবাসা
চিতা এসে নষ্ট করে- ব্যথা নয়: এই সব ছবির ভিতরে
কর্ণফুলি- অ্যামেজন- মিসিসিপি- খেলা করে- শুধু খেলা করে।