রামেশ্বর ঘোষ কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৮ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

রামেশ্বর ঘোষ
কবিতা: রামেশ্বর ঘোষ
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

যে-মানুষ- মনে হল নীরেনের- এই তো একটু আগে জন্মেছিল অরণ্যের পাখসাট হতে
দুইটা কালচে ডানা নীলাকাশে সরিতেছে কী ভীষণ শান্ত- উপদ্রুত-
রামেশ্বর ঘোষ যেন ধূসর বিরাট জোব্বা প’রে তার তীরন্দাজ অর্ণবপোতে
ছুটিতেছে বিকেলের বঙ্গোপসাগরের পারে শকুনের মতো পরিপ্লুত
এ-রকম উচ্চাটন পেয়েছিল রামেশ্বর ঠাকুর্দাদা ১২৫২ থেকে ১৩১৫-১৬ সালে
১৩৪০ সালে ইনসিওরেন্স কোম্পানির ক্যালেন্ডারে গ্যাব্রিয়েল দেয়ালের থেকে
চেয়ে দেখে শোলার টুপিটা যেন এক ঢিবি মিঠে কেক- বিড়ি খায়- কেরোসিন-কুপি কালি জ্বালে
বড়ো মিষ্টি কেক দিয়ে হাভাতে জোচ্চোর কেন সারা-রাত মাথা রাখে ঢেকে।

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।
মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷