অমলা চৌধুরী কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৩য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

অমলা চৌধুরী
কবিতা: অমলা চৌধুরী
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

নেই, অমলা চৌধুরী নেই আর-
এই পৃথিবীতে সে আর নেই-
আমার এত দিনকার এই আঙিনার কোনও মানে নেই আর
এত দিন ভেবেছিলাম আমি বেঁচে রয়েছি পাণ্ডুলিপির জন্য-
আকাশের সোনালি চিলের কান্নার জন্য, স্বপ্নের জন্য-
কিন্তু তার পর বিস্ময়ের পর্দা সরিয়ে নিয়ে যায় সে তার;
সমস্ত সবুজ ঘাস, সমস্ত নক্ষত্র, সমস্ত রুপালি বৃষ্টির আশ্চর্য ছায়ার সিঁড়ি মুছে যায়
পৃথিবীর ভিতর ফিরে আসতে হয়
পৃথিবীর ভিড়ের মধ্যে;
শোনা যায় কোন দূর অন্ধকারের দেশে দেবতারা মৃদু কণ্ঠে কথা বলছে-
দিনের আলোর সুস্পষ্টতার ভিতর তার পর কিছু শোনা যায় না আর।

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷
তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷