আকাশের মেঘ কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

আকাশের মেঘ
কবিতা: আকাশের মেঘ
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

আকাশের মেঘ থেকে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি প’ড়ে ভিজে গেছে ধুলো
এখন মাটির গন্ধ চারিদিকে টের পাওয়া যায়
স্টেশন ছাড়িয়া ট্রেন চ’লে গেল- এঞ্জিনের কালো ধোঁয়াগুলো
চাঁদের আলোয় যেন বাদুড়ের মতন লাফায়
আধ ঘণ্টা কেটে গেছে: একটা কী দু’টো কালো মোটরের পিছে
ব্রুহ্যাম-ছ্যাকড়াগাড়ি চ’লে গেছে যে যাহার দিকে
কারা এল? ঐ দূরে সাহেবের ল্যাণ্ডোর ল্যাম্প কি জ্বলিছে?
শব্দ নাই কোনও দিকে- বাতাস ছাড়িয়া গেছে ঝাউ গাছটিকে

এখন তোমার নাম ধ’রে ডাকি- ভাবি আমি- তুমি যে কোথায়
এখানের ভিজে মাটি- ঘাস- পাতা- ডালিয়া-কামিনীর ঘ্রাণে
কোনও পাখি জেগে নেই আমার মতন একা- একা- অসহায়
এখন তোমার নাম ধ’রে ডাকি- কই তুমি- কেউ কি তা জানে!