আবার বলিল আজ কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ২য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

আবার বলিল আজ
কবিতা: আবার বলিল আজ
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

আবার বলিল আজ অন্ধকারে আমার হৃদয়
জীবনের প্রতিটি দাগের তরে, প্রতিটি ব্যথার তরে, প্রতিটি রক্তের তরে, আহা,
র’য়ে গেছে শান্ত ঘাস ধান ভরা এ-পৃথিবী- নির্জন বনানিময়
এ-পৃথিবী র’য়ে গেছে,- আবার এ-অন্ধকারে আজ আমি বুঝিতেছি তাহা
ঝাউয়ের শাখার পিছে আজও আমি দেখিয়াছি মেঘে-মেঘে বাসন্তী রঙের
নিঃশব্দ সমুদ্র যেন খেলা করে- মানুষের দেখিবার নয়
কুহকের যে-জানালা মরণের পরে খোলে রক্তাক্ত এ রুক্ষ জীবনের
স্পর্শে যাহা মুছে যায়- আজও নীল গোধূলিতে সেই দেশ দেখেছে হৃদয়

মানুষের কলরব-ভরা ক্লান্ত পথ থেকে হারায়েছে আমার হৃদয়
আমার হৃদয় যেন ঝাউয়ের নীরব শাখা- অপরাহ্নে অশ্বত্থের শাখার মতন
ভোরের শাখার মতো; প্রথম আলোর গন্ধে সন্ধ্যার নিভন্ত রঙে কেমন আবিষ্ট হতে হয়
অন্য সব মানুষের মনের মতন নহে আমার এ-মন
আমার শান্তির বল গোধুলিতে; নক্ষত্রের সীমাহীন ভয়াবহ গভীর আকাশ
আমারে জাগায়ে রাখে অন্ধকারে- অন্ধকার থেকে আরও দূর অন্ধকারে
রুপালি মাছের মত মানুষের কোলাহল কালো জাল শরীরের ফাঁস
ছিঁড়ে ফেলে নেমে পড়ি তারকার বিস্ময়ের সমুদ্র-সাঁতারে।