এত রাতে ফুটপাথগুলো কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৫ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

এত রাতে ফুটপাথগুলো
কবিতা: এত রাতে ফুটপাথগুলো
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

এত রাতে ফুটপাথগুলো কাদের চামসে গন্ধে ভ’রে উঠেছে, হৃদয়?
খিদিরপুরে কে কী করে?
চলো, এ-সব ছেড়ে বাজেশিবপুরে যাওয়া যাক-
কিংবা লিলুয়ার হাওয়া খেতে।
বিধাতা, এ-কলকাতায় তুমি সাদা দাড়ির ভূমা যদিও
দারুণ হলুদ মলাটের বই লেখ তবুও সব
ধন্যবাদ তোমাকে
শিয়ালদ’ বাজারের থেকে মাঝ-রাতে চাঁদ উঠেছে
সমস্ত জনক-জননীর জীবাণু চ’ষে হুগলির জলে নিজেকে ডুবিয়ে নেবে
আর এক বার।
কিন্তু তবুও কলকাতা ছাড়বে না সে
অনুরাধাপুরের কবির দৃষ্টি দিয়ে চাঁদকে দেখতে চাই
হুম্- গায়ে তার হলুদ ট্যাংরা-মাছের দুর্গন্ধ
‘হাঃ- হাঃ- সাবান-সভ্যতার হৃদয়ে হাত রাখতে পেরেছ তুমি’-
আদিম দেবতারা বললে
‘কোনও জৈমিনিকে ডাকবার প্রয়োজন নেই আর’
হাসির ভিতর আদিম বুড়োদের কলজের অমর হাঁপানির মিষ্টতা।

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷
তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷