কখন নীরব হল এই রাত কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

কখন নীরব হল এই রাত
কবিতা: কখন নীরব হল এই রাত
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

কখন নীরব হল এই রাত- কারা যেন কাছে ছিল- কোন পথ দিয়ে
চ’লে গেছে- জানি না ক’; সহিষ্ণু গ্যাসের আলো স্তব্ধ হয়ে আছে সারি-সারি
আবার জুতোর ফিতে বেঁধে ফেলে- ধীরে-ধীরে রাতের শিশির মুছে নিয়ে
মনে হয়, আমিও পাখির মতো হতে পারি, চুপে-চুপে উড়ে যেতে পারি
উড়ে যেতে পারি এই জীবনের থেকে যেন- ভাবি আমি; খাঁচার ভিতর
এমন নির্জন রাতে পাখিরাও সারা রাত চুপে-চুপে করে পায়চারি

তাহারা ঘুমায় না ক’- কথা ভাবে;- চারি দিকে শান্ত রাত পালকের ‘পর
ইচ্ছা স্নিগ্ধ হয়ে আসে- তখন মৃত্যুর কথা বিরহের কোনও কথা নাই
শহরের পথ থেকে পথে হেঁটে আমিও পাখির মতো করেছি নির্ভর
জীবনের ‘পরে নয়- এক-আধ মিনিটের ইতস্তত বিস্ময়ের ‘পর।