কত বার দেখিয়াছি কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৩য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

কত বার দেখিয়াছি
কবিতা: কত বার দেখিয়াছি
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

কত বার-দেখিয়াছি মৃতদের চ’লে যেতে; কোন্ কুয়াশায়
যায় ওরা; কখনও ফেরে না আর; লেবুফুল ফোটে; জ্যোৎস্না নামে
শরতের ধান ঘাস খেলা করে দুপুরের ফড়িঙের গায়
বনচালতার শুকনো পাতার ‘পরে শব্দ হয়; কেউ যেন থামে
চেয়ে দেখি দুপুরের বেজি দূর কান্তারের দিকে চ’লে যায়-
আর কেউ নাই, আহা,- বাজকুড়লের শব্দ কঠিন আকাশে
প্রজাপতি সারা-দিন খুনশুড়ি ক’রে ফেরে; সাথে-সাথে তার
কে রয়েছে মাঠ থেকে মাঠে-মাঠে দুপুরের ঘাস থেকে ঘাসে?
প্রজাপতিটির মনে রয়েছে অনেক সঙ্গী রঙিন ডানার
মানুষ কেউ তো নাই; কেউ নাই দরজায়- উঠানের পাশে।

অন্ধকারে ঘুম ভাঙে- জানালার ফাঁক দিয়ে নক্ষত্রের রাত
দেখা যায়; হু-হু ক’রে ভেসে আসে প্রান্তরের অদ্ভুত বাতাস;
কে যেন এসেছে ফিরে; তবু কেউ দরজায় করে না আঘাত
অভিমানে স’রে আছে? আঙিনায় নেমে দেখি লক্ষ-লক্ষ ঘাস
জোনাকি ধুন্দুললতা- এই শুধু; নাই তার শাঁখা-স্নিগ্ধ হাত।