আজকে আমরা আলোচনা করবো কে গো তুমি, বিরহিনি, আমারে সম্ভাষিলে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ সেন ছিলেন একাধারে কবি, গীতিকার ও গায়ক। বাংলাভাষীদের নিকট অতুল প্রসাদ সেন প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত। তার গানগুলি মূলত স্বদেশি সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান; এই তিন ধারায় বিভক্ত। তবে তার ব্যক্তি জীবনের বেদনা সকল ধরনের গানেই কম-বেশি প্রভাব ফেলেছে। এজন্য তার অধিকাংশ গানই হয়ে উঠেছে করুণ-রস প্রধান।

কে গো তুমি, বিরহিনি, আমারে সম্ভাষিলে কবিতা

কে গো তুমি, বিরহিনি, আমারে সম্ভাষিলে?
এ পোড়া পরাণ তরে এত ভালবাসিলে?
কভু হরিত বসনে সাজি’,
কুসুমে ভরিয়া সাজি,
মধুমাসে মধুহাসে মম পানে হাসিলে!
কে আমারে সম্ভাষিলে?
শারদে নিশীথে-যবে
বিরহে রহি নীরবে,
পীত কায়ে মৃদু পায়ে মম পাশে আসিলে!
কে আমারে সম্তাষিলে?
কভু বাদলে ঢাকি বয়ান
করিলে গভীর মান,
দামিনীর গুরুভাষে আঁখি-নীরে ভাসিলে!
কে আমারে সম্তাষিলে?
আমি শ্যাম, তুমি, রাধা,
তাই বঁধূ এত বাধা ;
তুমিও হায় উদাসিনী, মোরেও উদাসিলে !
কে-আমারে সম্ভাষিলে?
