তোমার আমার সাথে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১১তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

তোমার আমার সাথে
কবিতা: তোমার আমার সাথে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

তোমার আমার সাথে ঢের দিন আগে
হয়েছিল ভোরবেলা দৃষ্টিবিনিময়
তুমি এক সাধারণ মানুষের মুখ
কিছুটা কঠিন ছিল আমার হৃদয়
যেমন ভোরের রৌদ্রে একটি ধূসর পাখি এসে
ওড়াউড়ি ক’রে গেলে তুলোর আঁশের মতো পেটে
আমাদের দৃষ্টি কিছু ক্ষমা পায়, ঠোঁট কিছু হাসি
ঊর্ণার মতো তবু ঘোর যায় কেটে
নিজের ভিতর থেকে উঠে এসে পলকেই;
হৃদয় তো কাঁচিকাটা পরের জিনিস
যদিও ভোরের বেলা মার্মালেড চা’এ
মনে হয় আমি শুনঃশেফ, অম্বরীষ
তাই তুমি যখন অনেক দিন- আরও ঢের দিন
পৃথিবীর সময়ের অন্ধকার সজ্ঞানে হয়ে আছ মৃত
হেমন্তের সন্ধ্যাবেলা- নগরীর ফুটপাতে আমি
রাতের গভীর স্তরে পুনরায় হই পরিচিত
তোমার মুখের সাথে- মনে হয়- চাখড়ি পাহাড়ে
ব’সে আছ, অঙ্গারের কাঠি দিয়ে আঁকো এক পাখি
নির্জন ডানার থেকে নরকের ঘুম ঝেড়ে ফেলে
বিকেলের নীলিমার মতন একাকী।

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।
মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷