দম্পতি কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৩য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

দম্পতি কবিতা
কবিতা: দম্পতি কবিতা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

পুরুষটির:
এই তো সে-দিন কত ভালো লেগেছিল তারে- সেই এক ফাল্গুনের মাসে
যখন সে এল ঘরে;- চারটি বছর কেটে যায় নাই তার পর- তবু-
আবার এ-মাছরাঙা কাঁচপোকা ফড়িঙের পাশে ব’সে মন যেন কারে ভালোবাসে
তারে নয়,- আর কারে; তার নাম কারু কাছে বলিব না কভু
আজ এই ফাল্গুনের মাসে
যদিও রয়েছে বধূ তবু
মন অন্যমনে, হায়, কারে ভালোবাসে
কেউ তাহা জানিবে না কভূ!

নারীটির:
এক-জোড়া প্রাণ কি অনন্তকাল মানিকজোড়ের মতো পাশাপাশি চুপে
প’ড়ে র’বে?… কত দিন- কত মাস- কত বার কত কুশ্রী খুঁটিনাটি নিয়ে
আগুন নিভিয়া গেল ছাই হয়ে জীবনের ধূপে
ফাল্গুন-জ্যোৎস্নায় এই কী-বা হবে ভাঙা-কুলো-ভরা ছাই দিয়ে
মানিকজোড়ের মতো পাশাপাশি চুপে
কত দিন চলে আর- কত কুশ্রী খুঁটিনাটি নিয়ে
ছাই ভ’রে হৃদয়ের অবসন্ন ধূপে
কী-বা হবে ভাঙা-কুলো-ভরা ছাই দিয়ে!