নয়ানি নদীর জলে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৫ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

নয়ানি নদীর জলে
কবিতা: নয়ানি নদীর জলে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

নয়ানি নদীর জলে বাবলার বন ঝুঁকে ছায়া ফেলে
(পৃথিবীর পথে নয়- আমার হৃদয়ে- যখন গিয়েছি বার হয়ে)
সেই জল থেকে যেন প্রেত এক উঠে আসে কবেকার
মনস্বিনী প্রেমিকার চিবুকের লঘু সংশয়ে
কেমন-যে প্রিয় শিহরন
কেঁপে ওঠে বাবলার বন
সে-নারীর নগ্ন মুখে ঢুকে আমি চ’লে যাই ধূসর সময়ে
তখন আর-এক চাঁদ ছিল এই হাতির-দাঁতের মতো সাদা পৃথিবীতে
কোটি-কোটি নক্ষত্রেরে দূরে যেতে ব’লে
কালো-কালো মেঘ স্বপ্ন দেখে যেত বর্ষণের হ্রেষাশব্দহীন
আমাদের এ-পৃথিবী গভীর নীরবতর হলে
পেত সেই সূর্য- চাঁদ- মেঘ
প্রেম তবু গভীর উদ্বেগ
শীর্ণ সাদা হাতে তার বিজ্ঞানের রূঢ় দাঁত প’ড়ে গেল স্খ’লে।

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷
তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷