পঞ্চম সন্ত্রাস কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১২তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

পঞ্চম সন্ত্রাস
কবিতা: পঞ্চম সন্ত্রাস
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

এখন তাহার দিকে চেয়ে দেখ- বায়ুর ভিতরে
ঘুমের মতন তার মুখ
যেন এক তরবার সারা-রাত শিশিরে ভিজেছে
তার পর ভোরবেলা শুকায়েছে- এমন চিবুক
অনেক আত্মার পিছে ইতিহাস থেকে যায় কিছু
অনেক সময় তাহা কষ্টে অপনেয় কলঙ্কের
তবুও দু’-এক জন পৃথিবীর মধ্যপথ দিয়ে হেঁটে গেলে
মনে হয় কাঁচপাত্রে জল এক সের
যে-রকম পূর্ণ হয়ে ছিল ভোরবেলা
বিকেলের গবেষণা ঘিরে আছে সে-রকম স্থির
দীর্ঘ দিনে চার অঙ্ক শেষ হয়ে গেছে আমাদের
নামায়েছি কালো পর্দা- অত্যন্ত বধির
তার পর আকাশের অন্ধকারে ধবল বিহঙ্গ
টেবিলের ‘পরে জলে কাঁচের গেলাস
আর এই অলোকসামান্য মুখ নিজ স্থান থেকে
আমাদের প্রাণে আনে পঞ্চম সন্ত্রাস।

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।
মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷