বেদিয়ার দল কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

বেদিয়ার দল
কবিতা: বেদিয়ার দল
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

ঢের দূরে খড় নাড়া পাতা জ্বেলে বেদিয়ার দল
শীতরাত কাটাতেছে
এ-জীবন বিধাতার ভালোবাসা নয়
এরা তাহা জানে
মাঝে-মাঝে ম’রে যেতে চায়
তবু
বহু দিন পরে এই মাঠ রবে- জীবনের শীত ব্যথা আগুনের প্রয়োজন
নতুন বেদেরা এসে একে-একে বুঝে নেবে সব
ঝ’রে যেতে চা’বে
শুধু
বাদামি মোমের মতো বেদে-মেয়েদের দেহ- ইচ্ছা- অভিলাষ-
এইখানে এই আড়ম্বর
এই এক- এইটুকু; রোদে পাখি ঘাস কীট প্রাণ
ধানের ছড়ার মতো বেঁচে থাকে তাই

ওরা
এক খণ্ড আকাশের মতো
সমস্ত সৃষ্টির মতো
যারা আর সৃষ্ট হল না ক’
(সৃষ্ট হয় না ক’)
আমি তাই
মাঠ- শীত- অন্ধকার- নক্ষত্রের নির্জন তীক্ষ্ণতা
বেদিয়ারা তাহাদের সব-
এই দিয়ে এই (স্কেচ) গড়িয়াছে।