ভেবেছিলাম এ বার কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৪র্থ খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

ভেবেছিলাম এ বার
কবিতা: ভেবেছিলাম এ বার
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

ভেবেছিলাম এ-বার ম’রে গিয়ে আপনি বাস্তবিকই ঝাপসা কাদা হয়ে গেছেন
সাদা চুল ও সাদা দাড়ির
দীর্ঘ দেবদারু’র চেহারার মতো মানুষ হবার সমস্ত সুঘ্রাণ সম্ভাবনা থাকতেও
আপনি হয়ে গেলেন ধুকপুকে সুপুরি-গাছের মতো
ভেজিটেবল জুতো পায়ে দিয়ে কলকাতা’র অলিগলির কাদায়
নিরামিষ শরীরটাকে চটকাচ্ছেন
ছেলে-মেয়ে-পড়ানো চাকরির খোঁজে
আর ভেটকিমাছের মতো ঐ নির্জন প্রেত
ঐ সাংঘাতিক আমিষ-ব্যাদন
তার বাপের টাকার ওপর ব’সে
কলকাতা’র গন্ধর্বনারী নিয়ে খেলা করছে
বসন্তমদির দিবাস্বপ্নের বাজারে- সবুজ বাড়ির অকৃত্রিম জ্যোৎস্নায়
হয়তো অশরীরী কবিরাও তার মগজের ভিতর মৌচাক রচনা করছে।

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷
তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷