মাঠের সবুজ ঘাস কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৩য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

মাঠের সবুজ ঘাস
কবিতা: মাঠের সবুজ ঘাস
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

মাঠের সবুজ ঘাস এখানে হলুদ রং ধরে নাই, আহা
চৈত্রের দুপুর ঘিরে ছড়াতেছে জামের প্রকাণ্ড কালো ছায়া
আমার নাকের ‘পরে, আমার চোখের ‘পরে- হৃদয়ের ‘পরে
চারি-দিকে অশথের হিজলের ডালগুলো মর্মরে- মর্মরে
ঘুঘুর পাখার গন্ধে ভ’রে আছে দুপুরের বাতাসের পথ
শান্ত রূপবতীদের মতো এক বুকভাঙা স্বপ্নের জগত
তাহাদের,- চেয়ে দেখ অই দিকে মাঠে-মাঠে প’ড়ে আছে খড়
যত দূর চোখ যায় রাজপুত্র নাই- তার আছে তেপান্তর
অই মাঠে- মাঠ থেকে মাঠে-মাঠে তবুও ঘোড়ার পিঠে চ’ড়ে
বাতাসের সাথে ভেসে চৈত্রের দুপুরে কার প্রাণ যেন ঘোরে!

কার প্রাণ?… নদীর জলের থেকে উড়ে যায় দুপুরের বক
যাহাদের কোনও দিন দেখিব না আমি আর- তাদের কুহক
মায়ার মতন মুখ বেতের ফলের মতো ম্লান চোখ তুলে
ঘোড়ার লেজের মতো কালো-কালো সুদীর্ঘ কেশের জাল খুলে
ডুবে যায়… ভেসে আসে দুপুরের হু-হু করা গভীর বাতাস
আকাশে চিলের বুকে ঘুম নাই- কেঁদে ওঠে প্রান্তরের ঘাস-