মৃত যারা কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৩য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

মৃত যারা
কবিতা: মৃত যারা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

মৃত-যারা চ’লে যায়- নিঃসহায়- আমাদের হৃদয়ের কাছে
অস্পষ্টতা রেখে যায়- কুজ্ঝটিকা- এর চেয়ে বেশি অধিকার
তাহাদের নাই কিছু;- আমাদের চঞ্চল জীবন রহিয়াছে
যে-ফসল ঝ’রে গেছে তাই নিয়ে চির-দিন সোনার ভাঁড়ার
ভরিতে পারি না আর; নতুন মাঠের গন্ধে কত রৌদ্র আছে
তবুও ধূসর সোঁদা পথ বেয়ে লালসায়- মৃতের দুয়ারে
যে মরেছে বহু দিন হেঁটমুখে অন্ধকারে তার কথা ভেবে
বার-বার বসি যেন মেরুন সন্ধ্যায় নম্র নদীটির ধারে
তার পর এক দিন মৃত্যু এসে আমারেও পুরস্কার দেবে
শিয়রে অঘ্রান-চাঁদ: আমারে ঘুমাতে দেবে ঝিঁঝির ঝঙ্কারে

আমিও ঘুমায়ে র’ব এক দিন সরবতি-ঝাড়ের এ-পাশে
তোমার মতন, নারী, জীবনের জলাঙ্গিরে চাহিব না আর
জীবন শিশুর মতো, নতুন খেলার রং শুধু ভালোবাসে
যে শুধু নিকটে থাকে তার মুখ- তার কথা ভালোবাসিবার
শক্তি শুধু আছে তার; জানো তুমি: এত দিন রয়েছ যে ঘাসে।