রোদ মরে যাচ্ছে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৪র্থ খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

রোদ মরে যাচ্ছে
কবিতা: রোদ মরে যাচ্ছে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

বকের পাখাকে শেষ বার উজ্জ্বল ক’রে দিয়ে
রোদ ম’রে যাচ্ছে-
ধানের শিখাকে শেষ বার সোনালি ক’রে দিয়ে
সাদা মেঘের বিরাট গ্যালারিতে হাসি ছড়িয়ে
দূর মহান প্রান্তরের দিকে চ’লে গেল সে
সেই যুবা
কোনও নারী নেই তার পিছনে, কোনও স্মৃতি নেই
আমরণ প্রশ্ন, বেদনা, বিবেক: আমাদের সহোদরা- তার নয়-
ধানখেতের করুণ অন্ধকার আমাদের প্রেম ও স্থবিরতাকে বসিয়ে রাখে;
মালাবার পাহাড়ের চূড়ায় সিন্ধুসারসের ঘুম ভাঙছে সূর্য
তার দীর্ঘ বর্শার খোঁচায়
শেষ ধূসর নক্ষত্র
আরও অন্ধকার জল আনে
অন্যায় অসংলগ্ন কুয়াশা
অকাতর বরফের সবুজ কালিমা
অধোমুখী নারীর হৃদয়ের ভিতর হারিয়ে গেল।

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷
তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷