হঠাৎ কখন তুমি কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ২য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

হঠাৎ কখন তুমি
কবিতা: হঠাৎ কখন তুমি
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

হঠাৎ কখন তুমি গেলে দূরে চ’লে
পৃথিবীর সব পথ ঘাট সাঙ্গ হলে
তোমার ঠিকানা তবু মিলবে না- ফিরবে না ব’লে
আধঘন্টা ট্রেনজার্নি- তার পর ট্রেন থেকে নেমে
এখানে এসেছি আজ আমি
তোমার এ-সমাধির পাশে এসে থামি
সমাধির নিচে শুয়ে হয়তো-বা তুমি
ভাবছ: ‘এ-মানুষ কেন-বা এল এইখানে?’
সমাধির নিচে শুয়ে তুমি

ভাবিতেছ: ‘জীবনে ফিরায়ে যারে দিছি বার-বার
বার-বার ব’লে দিছি, কাছে তুমি এসো না ক’ আর
সে-মানুষ এইখানে কী চায় আবার-‘
আমি কিছু চাই না ক’, শুনিয়াছি এইখানে বাসকের পাতা
পাওয়া যায়; স্ত্রীর হাঁপানি বড়; বলে, ‘খাও মাথা
কয়েকটা পাতা আনো’,- নিয়ে যাই- এখুনি আবার চ’লে যাই কলকাতা
বাসকের পাতা ছিঁড়ে করেছি বোঝাই
সমাধির নিচে শুয়ে দেখ বুঝি তা-ই,
হাসিতেছ?