আজকে আমরা আলোচনা করবো হৃদয়-শঙ্খ কবিতা নিয়ে। কবিতা টি লিখেছেন অক্ষয়কুমার বড়াল।
অক্ষয়কুমার বড়াল
অক্ষয়কুমার-বড়াল উনিশ শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি। অক্ষয়কুমার-বড়াল ১৮৬০ সালে বর্তমান ভারতের কলকাতার চোরবাগানে এক স্বর্ণব্যবসায়ীর পরিবারে জন্মগ্রহণ করেন।

হৃদয়-শঙ্খ কবিতা | অক্ষয়কুমার বড়াল

তুচ্ছ শঙ্খসম এ হৃদয়
পড়িয়া সংসার-তীরে একা—
প্রতি চক্রে আবর্তে রেখায়
কত জনমের স্মৃতি লেখা !
আসে যায়—কেহ নাহি চায়,
সবাই খুঁজিছে মুক্তামণি ;
কে শুনিবে হৃদয়-আমার
ধ্বনিছে কি অন্তরের ধ্বনি!
হে রমনী, লও—তুলে লও,
তোমাদের মঙ্গল-উত্সবে—
একবার ওই গীতি-গানে বেজে’
উঠি সুমঙ্গল রবে !
হে রথী, হে মহারথী, লও,
একবার ফুত্কার’সরোষে—
বল-দৃপ্ত, পরস্ব-লোলুপ
মরে’ যাক এ বজ্র-নির্ঘোষে !
হে যোগী, হে ঋষি, হে পূজক,
তোমরা ফুত্কার একবার—
আহুতি -প্রণতি-স্তুতি আগে
বহে’ আনি আশির্বাদ-ভার!
