জানি আমি কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ২য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

জানি আমি
কবিতা: জানি আমি
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

জানি আমি- বহু দিন জেনেছি- পৃথিবীতে দিকে-দিকে র’য়ে গেছে শান্ত সব বনানির স্বাদ
পীড়িত প্রাণের তরে- ক্ষমাহীন পথে ফিরে যারা রক্তাক্ত হয় তাদের তরে
র’য়ে গেছে বিকেলের মৃদু রোদ- মেঘের জাদুর কৌটা গোধূলির: গভীর অগাধ
র’য়ে গেছে- একা-একা ভেসে যেতে চাও তুমি যত দূর পশ্চিমের রক্তিম সাগরে
তোমারে মেঘের ঢেউ নিয়ে যাবে- চারি-দিকে লাল নীল জাফরান বাসনার ফেনা
যারে বেসেছ ভালো এক দিন, তারে সেখানে পাবে- যেই স্বপ্ন এই পৃথিবীতে
ফুটিল না- ব্যথা দিল- বিকেলের গোলাপি রঙের মেঘে কোনও দিন বেদনা দেবে না
মুকুটে সাজায়ে দিয়ে তোমারে আসবে সে নিতে

এই সব স্বপ্ন আছে এ-জীবনে; এই সব শান্তি আছে- এ-জীবন ক্ষুরধার তবু স্বপ্নময়
ঝ’রে যায় অশ্রু, ধুলো উড়ে যায়- হৃদয়ের স্বপ্ন সব সুদূর আকাশে
অপেক্ষায় ব’সে থাকে,- কখন গোধূলি নামে- ধোঁয়া রৌদ্র কাঁকরের দিন সাঙ্গ হয়
অথবা কখন রূঢ় মঙ্গল নিভিয়া যায় জীবনের- জাফরান মেঘ আর নরম নক্ষত্র নেমে আসে
মরণের;- আমি এই পৃথিবীতে তবু শান্ত বনানির গান
শুনিব অনেক দিন- হৃদয়ে মেখে নেব এই ঘাস ছায়া আর আলো
পৃথিবীর শিকারের হাত থেকে খ’সে গিয়ে বার-বার হরিণের মত মোর প্রাণ
এই শান্ত নদী মাঠ গোধূলির ইশারায় ডুবে থেকে বাসবে এ-পৃথিবীরে ভালো।