মৃত্যু এল কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৮ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

মৃত্যু এল
কবিতা: মৃত্যু এল
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

মৃত্যু এল- মনে হয়- প্রস্তর-যুগের থেকে আজ এই ডাইনামো’র যুগ
একটি সুদীর্ঘ দিন- যুদ্ধে- কলরবে- মহাকাব্যে- তিতিক্ষায়-
কেটে গেছে আমার জীবনে- তার পর দর্শনের অবসর এসেছিল-
তবু তার আগে মৃত্যু;
প্রভাতের আলোর আনন্দ ভালো
মধ্যন্দিন সূর্যের গৌরব;- তবু তারা যমনিয়মের কীর্তি;
পিপুলের একটি পাতাও
সবুজ আভার থেকে আবর্তিত হয়ে পরিণতি না চেয়ে পারে না:
হেমন্তের হলুদ কমলা রঙে- কুয়াশায়- অন্ধকারে
আমারও প্রশান্ত পরিণতি:
আমারও বীক্ষণ: দু’ মুহূর্ত- যেন কোন জাগুয়ার আত্মার
নিভন্ত অগ্নির মতো চোখে
ধীরে-ধীরে মুছিয়া যেতেছে সব প্রত্যাসন্ন সূর্যের আলোকে।

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।
মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷