আমারে বিধাতা তুমি কোল দাও কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৩য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

আমারে বিধাতা তুমি কোল দাও
কবিতা: আমারে বিধাতা তুমি কোল দাও
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

আমারে, বিধাতা, তুমি কোল দাও নক্ষত্রের মতো ঐ নীলাভ আকাশে
শীতল আকাশে ঐ- ঐ দূর শান্ত নীল নিস্তব্ধ গগনে
তার পর সেইখানে নক্ষত্রের মতো ফুটে একা-একা এক দিন পৃথিবীর ঘাসে
যে কঙ্কাবতীরে আমি দেখিয়াছি তার কথা ভাবিব অনন্তকাল আপনার মনে
পৃথিবীতে বাধা বড়, শব্দ কী-যে- রুক্ষতায় ভ’রে আছে আলো-অন্ধকার
পাপিয়ার হাড়ভাঙা ডাকাডাকি, রাস্তায় গাড়ির শব্দ, শিশুর ক্রন্দন
হৃদয়ে নিবিড় শান্তি উপজিলে যেই রূপ- স্বপ্ন- জমে সেই শান্তি নষ্ট করে এরা বার-বার
রাস্তার চাকার শব্দ- কোকিলের হাড়ভাঙা ডাকাডাকি ছিঁড়ে-ফেঁড়ে ফেলিতেছে মন

আমারে, বিধাতা, তুমি কোল দাও নক্ষত্রের মতো ঐ নীলাভ আকাশে
শীতল আকাশে ঐ- ঐ দূর শান্ত নীল নিস্তব্ধ গগনে
তার পর সেইখানে নক্ষত্রের মতো ফুটে একা-একা এক দিন পৃথিবীর ঘাসে
যে-শঙ্খমালারে আমি দেখিয়াছি তার কথা ভাবিব অনন্তকাল আপনার মনে।