আজকে আমরা আলোচনা করবো আমার মনের ভগন দুয়ারে সহসা তুমি কে গো কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতি অল্পবয়সেই অতুলপ্রসাদ পিতৃহারা হন। বাল্য কালে পিতৃহীন হয়ে অতুল প্রসাদ ভগবদ্ভক্ত, সুকন্ঠ গায়ক ও ভক্তিগীতিরচয়িতা মাতামহ কালীনারায়ণ গুপ্তের আশ্রয়ে প্রতিপালিত হন। পরবর্তীকালে মাতামহের এসব গুণ তার মাঝেও সঞ্চালিত হয়।

আমার মনের ভগন দুয়ারে সহসা তুমি কে গো কবিতা | অতুলপ্রসাদ সেন

আমার মনের ভগন দুয়ারে সহসা তুমি কে গো, তুমি কে?
নন্দন-আভা-বেষ্টিত তনু, উজল নিজ আলোকে!
তুমি কে গো, তুমি কে?
একি প্রেমপ্রতিম অঙ্গ!
একি যৌবনরূপ রঙ্গ!
একি মন্দাকিনী-মন্দ-সলিল-ভঙ্গ!
একি সহসা মম জীবন-বন পুষ্পিত,
তোমার নয়ন-পলকে!
তুমি কে গো, তুমি কে?
ছিল অশ্রুনদনুলীন হৃদয় দুঃখ-তামস গগনে,
আজি প্ৰাণ মম ইন্দ্ৰধনু তোমার নয়ন-কিরণে,
আজি প্ৰাণ মম মত্ত মধুপ, লুণ্ঠিত তব চরণে,
মম জীবন, মরণ, ধরম, সরম,
সকলি লীন পুলকে!
তুমি কে গো, তুমি কে?
তুমি বিশ্ব করেছ সুন্দর, মনের নিভৃত কন্দরে;
মম ক্ষুদ্র তরণী চঞ্চল ক্ষুদ্র জীবন-বন্দরে ;
তুমি সহসা উদিত ভাস্কর নীল নিশীথ অম্বরে ;
মম জীবন-গহন-চয়ন-কুসুম
শোভিত তব অলকে!
তুমি কে গো, তুমি কে?
