আজকে আমরা আলোচনা করবো আমার মনের মন্দিরে এস গো, নবীন বালিকা কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ সেন ১৮৭১ সালের ২০ অক্টোবর ঢাকায় তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাদের আদি নিবাস শরীয়তপুরের নড়িয়া উপজেলার মগর গ্রামে। অতি অল্পবয়সেই অতুলপ্রসাদ পিতৃহারা হন। বাল্য কালে পিতৃহীন হয়ে অতুল প্রসাদ ভগবদ্ভক্ত, সুকন্ঠ গায়ক ও ভক্তিগীতিরচয়িতা মাতামহ কালীনারায়ণ গুপ্তের আশ্রয়ে প্রতিপালিত হন। পরবর্তীকালে মাতামহের এসব গুণ তার মাঝেও সঞ্চালিত হয়।

আমার মনের মন্দিরে এস গো, নবীন বালিকা কবিতা | অতুলপ্রসাদ সেন

আমার মনের মন্দিরে এস গো, নবীন বালিকা !
তব প্রথম প্রেম-প্রভাতে দেহ প্রথম প্রণয়-মালিকা।
এস, প্রথম প্রেমে লজ্জিতা!
এস, নবীন সরমে সজ্জিতা!
এস, নবীন হরষে সজ্জিতা!
এস, নবীন চন্দ্র ভালিকা!
তব প্রথম প্রেমের আধ-আধ ভাষ,
প্রথম প্রেমের বাধ-বাধ আশ,
ক্ষণিক সাহস, ক্ষণিক ত্ৰাস,
আমারে কর সমৰ্পণ।
তব প্রথম প্রেম-স্বপনে,
তুমি আমারে দেখ গো গোপনে ;
তুমি আমারে তুষিতে পর গো যতনে
অলকে যুথী-শেফালিকা।
