এখন বিকেলবেলা কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ২য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

এখন বিকেলবেলা
কবিতা: এখন বিকেলবেলা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

এখন-বিকেলবেলা- কোনও দিকে শব্দ নেই- শুধু এক গোরুর-গাড়ির
সাদা ধুলোমাখা
ক্লান্ত দু’টো চাকা
মুছে যায়- ঘাসের ওপরে ছায়া খেলা করে সুপুরি-সারির
রোদ আরও হতেছে নরম… মুনিধান পাকার গন্ধ রোদে
কয়েকটা কালো মাছি
বিকেলের কাছাকাছি
আরও কাছে- আরও কাছে চ’লে আসে ঘুমের আমোদে

আমারও হৃদয়ে ঘুম- ফাল্গুনের এই গোধূলিতে
হিজল-বনের নিচে
ঢের পাতা প’ড়ে আছে
ঢের রোদ নিভে গেছে মিঠে কুমড়ো’র-ফুলে সোনার তুলিতে
দেখেছি অনেক দিন; এলোমেলো খড় জুড়ে যত দূর চোখ যায় মাঠের ফাটল
আঁকাবাঁকা প’ড়ে আছে
যেতে চায় কার কাছে-
জেনে তাকিয়ে থেকে পেয়েছি গভীর ফলাফল।