শান্তি ভালো কবিতা টি সুদর্শনা কাব্য গ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থ টি কবি জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ । যা কবির মৃত্যুর অনেক বছর পর ১৯৭৩ সালে প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থটি প্রকাশের বহু আগে ১৯৫৪-এর ২২ অক্টোবর এক ট্র্যাম দুর্ঘটনায় আহত হয়ে জীবনানন্দ লোকান্তরিত হয়েছিলেন। গোপালচন্দ্র রায়ের উদ্যোগে প্রকাশিত ‘সুদর্শনা’ কাব্যগ্রন্থ সংকলিত হয় । এই কাব্যগ্রন্থটিতে মোট ৪০ টি কবিতা স্থান পেয়েছে।

শান্তি ভালো
কবিতা: শান্তি ভালো
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: সুদর্শনা

গুলি খেয়ে শূন্যে মৃত্যু হবার আগে পাখি
যেমন তাহার সুস্থ দেহের পাখিনীকে দেখে
কামের পরিতৃপ্তি খুঁজে আকাশে উড়ে যায়
অন্ধকারে পাখি শরীর ছেড়ে দিতে শেখে-
অবাধগতি ঢিলের মতন ঘাস-পাথরের পানে;
তেমনই আলো-অন্ধকারের মরণ-জীবনের
মোহনা থেকে তোমাকে ভালবেসে
শান্তি ভালো: শান্তি ভালো, উড়েছি আমি ঢের।

অনেক পথ চলা হ’ল- তবুও আমি আজও
পেয়েছি যা- চেয়েছি সেই চক্রবলের রেখা?
সাত-আট বছর পরে আবার বনচ্ছবির সাথে
শীত সামাজিক রাত্তিরে আজ দেখা।
জীবন আমার সমাহিত অনেক দিনের থেকে;
নদী মাঠে ঘাটে শিশিরবিন্দুতে উৎসুক
হয়ে হৃদয় সফলতায় দিন বা রাত্রি এলে
বলেছে: এই স্পষ্ট শান্ত প্রবাহ আসুক।

নারীরা আসে, হারিয়ে যায়- ধীর জগতের সাথে
জেগে থেকে পেয়েছি আমি বিষয়স্থিরতা
কিছু ভাষা পৃথিবীকে দেবার- বাকি সবই
নিহিত হয়ে ব’সে থেকে গ্রহণ করার কথা
নদী শিশির সূর্য বৃক্ষ থেকে,
চারি দিকে আকাশ ভ’রে হয়েছে উদয়
সকল কালের বার্তাবহ নক্ষত্রদের আভা
ব্যর্থ হয়ে তবুও মানব গল্প স্নিগ্ধ হয়।
আরও দেখুনঃ