কাঁঠালের ডালে ডালে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৩য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

কাঁঠালের ডালে ডালে
কবিতা: কাঁঠালের ডালে ডালে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

কাঁঠালের ডালে-ডালে চৈত্রের বাতাস করে খেলা
মৃদু ছপছপানির শব্দে ভ’রে আছে এই দুপুরের বেলা
চিল বুঝি ডানা ধোয়? সোনালি রূপসি শঙ্খচিল
নেমেছে নদীর জলে; আকাশের রঙে আজ পৃথিবীও নীল
চৈত্রের দুপুরে এই; বনানির মতো এক অশ্বত্থের নিচে
সবুজ ঘাসের ‘পরে বাদামি পাতার সাথে ছায়ারা মিশিছে
আমের বোলের সাথে খুনশুড়ি শেষ হবে কবে গো কোকিল
নদীর জলের স্বাদে নামিল কি রূপসি সোনালি শঙ্খচিল!

নরম ঘাসের গন্ধ কার যেন বয়ঃসন্ধি দিনের মতন:
আমার? তোমার না-কি? তোমার মুখের রূপে ভ’রে আছে মন
আজও মোর… পঁচিশ বছর ধ’রে খুঁজি নাই- মুখ দেখি নি তো
কোথায় সে চ’লে গেছে? বেঁচে আছে? হয়তো প্রেমের কাছে মৃত
প্রাণ তার- আমিও সে-মুখ ভুলে- প্রেম ভুলে পৃথিবীর পথে
কত যে ঘুরেছি, আহা- আজ এই অপরাহ্নে প্রচুর জগতে
আকাশ হতেছে রাঙা- সন্ধ্যার কাকের মতো হৃদয় আমার
সে কোন্ নীড়ের গন্ধ- পৃথিবীতে সেই নীড় নাই আজ আর।